অরিজিতের একাধিক প্লেব্যাক মুক্তির পথে
অরিজিৎ সিং (Arijit Singh)-এর প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত যেন মেনে নিতে পারছেন না কেউ। মঙ্গলবার রাত থেকে নানাবিধ প্রশ্নে ফেটে পড়ে গোটা সোশ্যাল মিডিয়া। কেন প্লেব্যাক থেকে অবসর তা খানিকটা স্পষ্ট করলেও আর কোনও নতুন প্লেব্যাক তাঁর থেকে শ্রোতারা পাবেন না, এমনটা কিন্তু নয়।
যখন অনুরাগীদের মধ্যে তুমুল চর্চা, তখন নিজেই জল্পনায় ইতি টানলেন অরিজিৎ সিং। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সঙ্গীত থেকে তিনি কোথাও সরে যাচ্ছেন না। আপাতত নতুন প্লেব্যাক গানের কাজ না নিলেও, এখনও বেশ কিছু গান তাঁর কণ্ঠে শ্রোতাদের কাছে পৌঁছবে।
অরিজিতের কথায়, আগেই যেসব গানের চুক্তি হয়ে গিয়েছে, সেগুলি তিনি সম্পূর্ণ করবেন। অর্থাৎ, চলতি বছরে তাঁর কণ্ঠে নতুন গান প্রকাশ পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বক্তব্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে অনুরাগীদের মনে।
পাশাপাশি শিল্পী এও পরিষ্কার করেছেন, প্লেব্যাক গানে বিরতি মানেই সঙ্গীতজগত থেকে বিদায় নয়। গান গাওয়ার বাইরে সুর সৃষ্টি, সঙ্গীতচর্চা এবং অন্যান্য সৃজনশীল কাজ আগের মতোই চালিয়ে যাবেন তিনি। সঙ্গীত তাঁর জীবনের মূল, এ কথা বারবারই উল্লেখ করেছেন অরিজিৎ।
সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী যখন তাঁর সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে প্রশ্ন করেন, তখন বিস্ময় প্রকাশ করতেও পিছপা হননি গায়ক। তবে কোনও বিতর্কে না গিয়ে শান্তভাবেই তিনি জানিয়েছেন, এই মুহূর্তে জীবনের নতুন অধ্যায়ে মন দিতে চান। তাতেই তাঁর এই সিদ্ধান্ত।
অরিজিতের এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়া জুড়ে আবেগের ঢেউ। কেউ কেউ একে তুলনা করছেন বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার সঙ্গে, আবার অনেকেই শিল্পীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন।
সব মিলিয়ে বলা যায়, অরিজিত সিংয়ের কণ্ঠ একেবারেই থেমে যাচ্ছে না। নতুন গান, নতুন সুরে—অন্য রকম ভাবে হলেও—শ্রোতাদের জীবনে রয়ে যাবেন তিনি।