ইউভানকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে পড়লেন শুভশ্রী
ইরান-ইজরায়েল সংঘাতের আবহে (Iran Israel attacks) উত্তেজনা ও উদ্বেগ বেড়েই চলেছে। সময় যত যাচ্ছে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আরব দুনিয়ার একাধিক অংশে ইরানের হামলার (Iran Attack) পর বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরগুলি, ফলে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন। যে তালিকায় সেলিব্রিটির সংখ্যাও কম নয়। সূত্রের খবর শনিবারই ছেলে ইউভানকে নিয়ে দুবাই ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফলে সেখানে আটকে রয়েছেন তিনি। একইভাবে আটকে রয়েছেন সেখানে বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়াও।
বলিউড অভিনেত্রী সোনল চৌহান, জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুও শনিবার আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi flights cancelled) আটকে পড়েছে। পরিষেবা বন্ধ থাকায় পরিকল্পনা থাকলেও ভারতে ফিরতে পারেননি (PV Sindhu travel disruption)।
ইরানের সামরিক অভিযানের পরপরই আবু ধাবি বিমানবন্দরে (Abu Dhabi Airport) বাজতে শুরু করে সতর্কতার অ্যালার্ম। আতঙ্কে যাত্রীরা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকেন। দ্রুত সেখানে নামানো হয় ন্যাশনাল গার্ডকে। তাঁরা যাত্রীদের শান্ত রেখে নিরাপত্তার স্বার্থে ভবনের ভিতরেই থাকতে বলেন।কয়েক মিনিটের মধ্যেই বিমান পরিষেবা স্থগিত রাখা হয়, পরে সম্পূর্ণ বাতিল করা হয়। প্রায় দু'ঘণ্টার অনিশ্চয়তার পর ঘোষণা করা হয়, কোনও বিমান ছাড়বে না। ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন।
আন্তর্জাতিক মাধ্যমে জানানো হয়েছে, এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা- চার মহাদেশের সংযোগপথ কার্যত থেমে যায় আবু ধাবি বিমানবন্দরের অচলাবস্থার কারণে।
তারপরই টার্মিনালের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে অস্থিরতা। খাবারের দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায়। শিশু-সহ পরিবারগুলি উদ্বেগে অনিশ্চিত অপেক্ষা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সেখানে আটকে থাকেন।