গভীর জঙ্গলে বিলাসবহুল গ্ল্যাম্পিং টেন্ট
ডুয়ার্স—নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গভীর বনাঞ্চল, সৰুজ চা বাগান আর পাহাড়ি নদীর অপরূপ দৃশ্য। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক অনন্য ঠিকানা এই ডুয়ার্স। আর এবার সেই চেনা ডুয়ার্সই পর্যটকদের সামনে ধরা দিচ্ছে একেবারে নতুন রূপে। ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের গ্ল্যাম্পিং টেন্ট। আমেরিকার আধুনিক পর্যটন ধারণাকে অনুসরণ করে ডুয়ার্সে এই প্রথম চালু হয়েছে গ্ল্যাম্পিং টেন্ট। যা খুব অল্পসময়ের মধ্যেই ডুয়ার্স ভ্রমণের এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রকৃতির মাঝেই থেকেও আধুনিক সুযোগ-সুবিধা ও বিলাসিতার স্বাদ দেওয়াই এই গ্ল্যাম্পিংয়ের মূল আকর্ষণ।

জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত চিলাপাতা বনাঞ্চল এমনিতেই প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। এবার সেই গভীর জঙ্গলের সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে টেন্টে থাকার এক অভিনব অভিজ্ঞতা। প্রতিটি গ্ল্যাম্পিং টেন্টে রয়েছে আরামদায়ক ও বিলাসবহুল থাকার ব্যবস্থা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই একেবারে অন্যরূপ নেয় চিলাপাতার এই জঙ্গল। টেন্টের চারপাশে আলোর মায়ায় ভেসে যায় গোটা বনাঞ্চল। ঢোল-মাদলের তালে তালে বসে স্থানীয় লোকসংগীতের আসর, যেখানে মুগ্ধ হয়ে যান পর্যটকেরা। এই নতুন পর্যটন উদ্যোগের ফলে শুধু যে পর্যটকদের আনাগোনা বেড়েছে, তা নয়—একইসঙ্গে বেড়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও। কেউ যুক্ত হয়েছেন রিসর্ট পরিচালনায়, কেউ পর্যটক-গাইড হিসেবে, আবার কেউ স্থানীয় হস্তশিল্প কিংবা ঐতিহ্যবাহী খাবার বিক্রির মাধ্যমে গড়ে তুলছেন নিজেদের জীবন-জীবিকা। ফলে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। গভীর জঙ্গলের মাঝে সম্পূর্ণ বিলাসবহুল পরিবেশে থেকে যারা প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চান, তাদের জন্য চিলাপাতার এই গ্ল্যাম্পিং টেন্ট হতে পারে এক অনন্য ঠিকানা।
