পরিচ্ছন্নতায় নতুন দিশা
পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আরামবাগ পঞ্চায়েত সমিতি নিয়েছে এক অভিনব উদ্যোগ। বাড়ির শৌচাগার থেকে সংগৃহীত কঠিন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মধুরপুর এলাকায় এই প্রকল্পের জন্য বিশেষ মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। আগামী দিনে ব্লকের বিভিন্ন গ্রাম থেকে সংগৃহীত বর্জ্য এখানে এনে আধুনিক পদ্ধতিতে পরিবেশবান্ধব জৈব সারে রূপান্তর করা হবে।

পঞ্চায়েত সূত্রে জানা গেছে, প্রকল্পটি সম্পূর্ণ চালু হলে এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন পরিবেশ থাকবে স্বাস্থ্যকর, অন্যদিকে কৃষকরা পাবেন কম খরচে উন্নতমানের জৈব সার ।যদিও সার প্রস্তুত ও সরবরাহের খরচ এখনও চূড়ান্ত করা হয়নি, তবে খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এর ফলে স্যানিটেশন পরিকাঠামো আরও মজবুত হবে।

“Cleanliness is next to godliness”—গান্ধিজির এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আরামবাগ পঞ্চায়েতের এই উদ্যোগ আগামী দিনে পার্শ্ববর্তী গ্রাম ও শহরগুলিকেও অনুপ্রাণিত করবে। হুগলি জেলায় আরামবাগের পাশাপাশি আরও একটি এলাকায় ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে, এবং ভবিষ্যতে এর পরিসর আরও বিস্তৃত হবে বলেই আশা।