আরামবাগে শীতের গুড়
ভোর হওয়ার আগেই ব্যস্ততা শুরু আরামবাগের রেল স্টেশন সংলগ্ন নাওপাড়া সুপাড়া এলাকায়। ভোরের আগেই কুয়াশা ভেদ করে খেজুর গাছে ওঠেন রস সংগ্রাহক শিউলিরা। গাছের মাথায় ঝুলে থাকা মাটির কলসিতে সারারাত জমে ওঠে খেজুরের রস। ভোরের আলোয় সেই রস নামিয়ে শুরু হয় জ্বাল দেওয়ার পালা। খড়কুটো আর কাঠের আগুনে ধীরে ধীরে ঘন হয়ে ওঠে রস। বদলাতে থাকে রং। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে শীতের চেনা মিষ্টি সুবাস।

নদীয়া থেকে আসা আনোয়ার হাসান শেখ প্রথমবার আরামবাগে এই উদ্যোগ শুরু করেছেন। বড় ছেলেকে সঙ্গে নিয়ে প্রায় ৭০ টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন তিনি। প্রথমবার আরামবাগে গুড় তৈরি করে ভালো সাড়াও মিলেছে বলে জানান তিনি। শহরের মানুষজন আগ্রহ নিয়ে কিনছেন এই খাঁটি খেজুর গুড়। অনেকেই বলছেন , শুধু স্বাদ বা গন্ধ নয় এই গুড়ের সঙ্গে জড়িয়ে আছে শীতের আমেজ আর বাঙালির ঐতিহ্য। আরামবাগ শহরে এই প্রথম খেজুরগুড় তৈরির এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। গুড়ের কারিগর ,ব্যবসায়ীরাও আশা করছেন - আগামী দিনে আরও বেশি গাছ পেলে উৎপাদন বাড়বে। আরামবাগে খেজুর গুড়ের এই নতুন যাত্রা তাই ছড়িয়ে দিচ্ছে শীতের মিষ্টি বার্তা।
