বইয়ের বাইরে জীবনের হিসেব
কয়ড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এক ব্যতিক্রমী খাদ্য মেলা। এখানে শিক্ষকরা নয়, বিক্রেতা হলো ছাত্রছাত্রীরাই। নিজেদের বাড়িতে বানানো খাবার নিয়ে তারা স্টল দিয়েছে—কেউ বিক্রি করছে পিঠে, কেউ চপ-ঘুগনি, কেউ আবার ফুচকা আর পকোড়া। সবচেয়ে মজার ব্যাপার হলো, ছোট ছোট হাতে হিসেবের খাতা। বিক্রি করেই সেই হিসেব ভুল না করেই লিখে রাখছে খুদে বিক্রেতারা। হিসেবের গোলমালে হচ্ছে চেঁচামেচিও। পড়ুয়াদের মেলা মেলা তাদেরই কলরবে এক অন্য রূপ নিয়েছে।
মেলায় শুধু ছাত্রছাত্রী নয়, হাজির অভিভাবক ও স্থানীয় মানুষজন। তারা খাবার কিনে - ছোটদের উৎসাহ আর উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণ । অনেকেই বলছেন- এমন মেলা আগে কখনও তাঁরা দেখেননি।

শিশুরা শুধু বই পড়বে না, জীবনের হিসেবও শিখবে। এই ভাবনা থেকেই আলাদা ধরণের এই মেলার আয়োজন। জানালেন প্রধান শিক্ষিকা। সব মিলিয়ে কয়ড়াপাড়ার এই খাদ্য মেলা প্রমাণ করে দিল শেখা শুধু বইয়ে নয়, কখনও কখনও ফুচকার ঠেলা গাড়িতেও লুকিয়ে থাকে।