পোস্টারে “নিখোঁজ” বিধায়ক!
বিধানসভা ভোটের আগে ফের বঙ্গে পোস্টার রাজনীতি। সম্প্রতি আরামবাগ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা—মহকুমা আদালত চত্বর, স্কুল সংলগ্ন এলাকা এবং ব্যস্ত মোড়ে চোখে পড়ছে “নিখোঁজ” পোস্টার। সেখানে দাবি করা হয়েছে, গত পাঁচ বছর ধরে এলাকার বিজেপি বিধায়ককে দেখা যায়নি। তাঁর খোঁজ পেলে তা জানানোরও অনুরোধ করা হয়েছে পোস্টারে। এর আগে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। এবার একই অভিযোগে সরব আরামবাগের একাংশ বাসিন্দা।

তাঁদের অভিযোগ, প্রয়োজনে বিধায়ককে পাশে পাওয়া যায়নি। এমনকি উন্নয়নমূলক খাতে বরাদ্দ অর্থও সঠিকভাবে ব্যবহার হয়নি বলেও জানাচ্ছেন অনেকে। পোস্টার যুদ্ধ ঘিরে রাজনৈতিক চাপানউতরে সরগরম আরামবাগ। নির্বাচন যত এগোবে, ততই বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই পোস্টার বিতর্ক ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।