পুরশুড়ায় বিজেপির অন্দরে বিতর্ক
পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরএসএস নেতা সুশান্ত সরকার। অভিযোগ, ২০২০ সালে ব্যক্তিগত প্রয়োজনে তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন বিধায়ক। তবে দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত দেননি বলে দাবি সুশান্ত সরকারের। পাশাপাশি পুরনো বিজেপি কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিমান ঘোষ। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চক্রান্ত করে তাঁর নাম কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। অভিযোগ আর পাল্টা অভিযোগে ইতিমধ্যেই চড়েছে পুরশুড়ার রাজনৈতিক পারদ। নির্বাচন যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে এই রাজনৈতিক লড়াই। এখন দেখার, এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।