গরম মানেই আমের রাজত্ব শুরু! কোনটা বিখ্যাত, কোথায় গেলে দেশের সবচেয়ে ভাল আম পাবেন? |
খোল বাজে- বাঁচে সংসার
খোল বাজে- বাঁচে সংসার
সারা বছর শহূরে কোলাহলের বাইরে, আলোচনার আড়ালে, নীরবেই বেঁচে থাকেন কুচবিহারের লাঙ্গল গ্রামের খোল কারিগররা। কাজ নেই মানে - শুধু আয় নেই নয়,কাজ নেই মানে আত্মসম্মানটুকুও ধীরে ধীরে মরে যেতে শুরু করে। দিনের পর দিন দোকান খোলা থাকলেও অর্ডার আসে না । হাত দুটো ব্যস্ত না থাকলে - মনটাও ভারী হয়ে ওঠে।কার্তিক মাস এলেই সেই নীরব জীবনে আলোড়ন আসে । হঠাৎ করে সময় নড়ে ওঠে ।

ভোরের বাতাসে কীর্তনের সুর ভেসে এলে, সেই সুরের তালে তালে খোলের চামড়ায় টানা পড়ে, কাঠে লাগে হাতুড়ির ঘা। এই এক মাসেই জমে থাকে সারাবছরের আশার আলো। নাওয়া-খাওয়ার সময় নেই, শরীর ক্লান্ত, চোখ লাল — তবু থামার উপায় নেই। কারণ এই ক’টা দিনের রোজগারেই তো চলবে বাকি এগারো মাসের গুজরান। আজকের দিনে দাঁড়িয়ে এই জীবন আরও কঠিন। বাজারে এখন সহজেই মেলে মেশিনে তৈরি খোল । কমতে থাকা পারিশ্রমিক, বাড়তে থাকা জিনিসপত্রের দাম — সব মিলিয়ে এক নীরব লড়াই, তাও অসম। কেউ তাদের গল্প জানতে চায় না। কার্তিক মাস ফুরোলে আবার নেমে আসে দীর্ঘ অপেক্ষা। বিশ্বাস আঁকড়ে বেঁচে থাকা। কারণ তারা জানে, যতদিন কীর্তন বাঁচবে, ততদিন কোনো না কোনোভাবে সচল থাকবে খোল কারিগরদের জীবনও।
