'ধুরন্ধরের' গানে হাতে বন্দুক নিয়ে বিয়েবাড়িতে নাচ!
কর্নাটকের (Karnataka) এক পারিবারিক বিয়ের অনুষ্ঠান আচমকাই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, কালাবুর্গির একটি রিসর্টে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস নেতা মতিন পটেল (Congress Leader Mateen Patel) সঙ্গীতের তালে নাচছেন হাতে বন্দুক (Gun Dance) নিয়ে। পরে সেটি হাতে নিয়ে পোজ দিতেও দেখা যায় তাঁকে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে পুলিশি তদন্ত, পাশাপাশি রাজনৈতিক চাপানউতোর।
মতিন পটেল আফজলপুরের কংগ্রেস নেতা এবং বিধায়ক এম ওয়াই পটেলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ভিডিও সামনে আসার পর বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছে, জনসমক্ষে শাসকদলের এক নেতার এমন আচরণ কতটা গ্রহণযোগ্য।
তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন পটেল। তাঁর দাবি, এটি নিছকই পারিবারিক অনুষ্ঠানের অংশ ছিল। বড় বোনের মেয়ের একটি অনুষ্ঠানে পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানান তিনি। তাঁর কথায়, রিসর্টে ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমার আদলে ছোট্ট একটি সিনে অভিনয়ের আয়োজন করা হয়েছিল। সন্তানদের অনুরোধে বাড়ি থেকে খেলনা বন্দুক এনে মঞ্চে ওঠেন তিনি। “এটা আসল অস্ত্র নয়, সিরিয়ালের মতোই এটি নকল,” দাবি পটেলের। তিনি আরও বলেন, বিষয়টিকে অযথা রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই খোঁজখবর নিয়েছে এবং রিপোর্টও তৈরি করেছে বলে তাঁর বক্তব্য।
অন্যদিকে কালাবুর্গির পুলিশ সুপার শরণাপ্পা এসডি জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভিডিওতে যে বস্তুটি দেখা যাচ্ছে তা কী - লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র, নকল অস্ত্র না কি খেলনা - তা খতিয়ে দেখতে। পাশাপাশি কোন প্রেক্ষিতে ভিডিওটি তৈরি হয়েছে, তাও যাচাই করা হচ্ছে। “যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,” জানিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত পুলিশ স্পষ্ট করেনি, কোনও আইনি ধারা প্রয়োগ করা হয়েছে কিনা। তবে ঘটনাটি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
মতিন পটেল একে পারিবারিক স্কিট বলে ব্যাখ্যা দিলেও, ভাইরাল ফুটেজ ঘিরে বিতর্ক আপাতত থামার লক্ষণ নেই।