আন্তরিকতাই আসল
সিদ্ধা গ্রামের গোবিন্দ মান্না প্রায় ৩৬ বছর ধরে ক্ষৌর কাজ করছেন। গ্রামেই তার একটি ছোট সেলুন রয়েছে। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি সেলুনের নাম রেখেছেন “নেতাজি সেলুন”। প্রতি বছর নেতাজির জন্মদিনে , গোবিন্দবাবু দোকান খুলে নিজের মতো করে ভক্তিভরে তাঁর গলায় ফুলের মালা পড়ান। এই দিনে দোকানে যারাই চুল বা দাড়ি কাটতে আসেন, তাদের থেকে এক পয়সাও নেন না গোবিন্দ বাবু। কারণ এই দিনটি তিনি উৎসর্গ করেছেন নেতাজিকে।

নেতাজির প্রতি গোবিন্দবাবুর গভীর ও নিঃস্বার্থ শ্রদ্ধা সত্যিই এক বিরল দৃষ্টান্ত। তাঁর এই নীরব নিবেদনকে বহু মানুষ হৃদয় থেকে কুর্নিশ জানিয়েছেন। নেতাজির কণ্ঠে একদিন ধ্বনিত হয়েছিল—“তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।” তিনি চেয়েছিলেন, দেশবাসী যেন নিজের সর্বস্ব উজাড় করে দেশের সেবায় আত্মনিয়োগ করে। সেই আহ্বান হৃদয়ে ধারণ করেই প্রতিবছর গোবিন্দবাবু নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান।
