মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরোলেন মিমি
সদ্য অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) সঙ্গে ঘটে যাওয়া হেনস্থার ঘটনায় শোরগোল নেটপাড়ায়। এবার কোন পরিস্থিতির মুখোমুখি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)? কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি। কিছুক্ষণের জন্যে বিশ্বাস করতে পারছিলেন না, এটা তাঁর সঙ্গে ঘটেছে।
ঘটনা ঘিরে তীব্র বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। মিমির দাবি, এই প্রথম তিনি এমন আচরণের সম্মুখীন হলেন। তাঁর কথায়, আজকাল মঞ্চে অনুষ্ঠান করতে যাওয়া শিল্পীদের অনেকেই যেন দর্শকদের কাছে ‘সম্পত্তি’ হয়ে উঠছেন, যা অত্যন্ত অসম্মানজনক ও অস্বস্তিকর।
কী ঘটে মিমির সঙ্গে?
বিশেষ করে শীতের মরসুমে বহু সেলিব্রিটিই বিভিন্ন জায়গায় শো করতে যান। এই চল প্রথম নয়। বহু দর্শক মুখিয়ে থাকেন তাঁদের কাছ থেকে দেখবেন বলে, তাঁদের অনুষ্ঠান উপভোগ করবেন বলে। তবে তাঁর সঙ্গে কী এমন ঘটল যে অনুষ্ঠান ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হলেন মিমি? রবিবার বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। সকল নিয়ম, সঠিক সময় মেনেই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিনেত্রী জানান, অনুষ্ঠান তখন সবে মাত্র শুরু হয়েছে।
ঠিক সেই সময়েই পরিস্থিতি আচমকা বদলে যায় বলে অভিযোগ মিমির। তাঁর বক্তব্য অনুযায়ী, তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি হঠাৎই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানান। শুধু তাই নয়, মঞ্চ থেকে তাঁকে চলে যেতে বলেন। বিষয়টি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, প্রথমে তিনি বুঝতেই পারেননি, কথাগুলি তাঁর উদ্দেশেই বলা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝতেই বিস্ময় ও অপমানে হতবাক হয়ে যান মিমি। কিছুটা অবাক ও অস্বস্তিকর পরিস্থিতিতে আবার ওই ব্যক্তির দিকে তাকান। অভিনেত্রীর দাবি, তখনও একই কথা পুনরাবৃত্তি করেন তনয় শাস্ত্রী। শেষ পর্যন্ত কোনও বিতর্কে না জড়িয়ে, উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে তিনি মঞ্চ ছেড়ে চলে আসেন।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর ফের একবার উঠে এল, কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীদের সম্মান ও নিরাপত্তা কতটা নিশ্চিত? কিছুদিন আগে একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। তাঁকেও মঞ্চে সকলের সামনে চরম অপমান করা হয়। এরপর মৌনী রায় ও মিমির পরিস্থিতি দেখে রীতিমত শোরগোল উঠল নেটপাড়ায়। এখন দেখার কতৃপক্ষের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয় কি না।