সেতু দুর্ভোগ চরমে !
গেল-বছর ৫ই অক্টোবরের বন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক রাস্তা ও সেতু। ধূপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া এলাকায় দুই বুথের মাঝখানে থাকা ব্রিজটিও বন্যার প্রবল স্রোতে ভেঙে পড়ে। চার মাস কেটে গেলেও এখনও শুরু হয়নি নতুন ব্রিজ তৈরির কাজ। দুই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন একটি অস্থায়ী বাঁশের সাঁকো। তবে সেটির অবস্থাও অত্যন্ত নড়বড়ে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। অভিযোগ, ইতিমধ্যেই ঘটেছে একাধিক ছোটখাটো দুর্ঘটনাও।

ব্রিজ ভেঙে যাওয়ায় অ্যাম্বুলেন্স ও দমকলের মতো জরুরি পরিষেবাও ব্যাহত হওয়ার জোগাড় বলে স্থানীয়দের অভিযোগ। বাধ্য হয়ে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বাড়ছে খরচও — জানাচ্ছেন গ্রামবাসীরা। ভাঙা ব্রিজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে উন্নয়নের প্রচার হলেও বাস্তবে ব্রিজ নির্মাণের কাজ শুরুই হয়নি। অন্যদিকে তৃণমূলের দাবি, ব্রিজ নির্মাণ একটি দীর্ঘ প্রক্রিয়া — টেন্ডারের কাজ শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে। এখন প্রশ্ন একটাই — কবে তৈরি হবে নতুন ব্রিজ, কবে কাটবে যাতায়াতের এই ভোগান্তি? সেই উত্তরই খুঁজছেন ধূপগুড়ির কুল্লাপাড়া এলাকার মানুষ।
