ঐতিহ্যের বুননে ‘পদ্মশ্রী’ সম্মান
বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শাড়ি শিল্পকে বাঁচিয়ে রাখা এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এর আগেও বহু তাঁত শিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কালনার জ্যোতিষ দেবনাথের নাম। ঐতিহ্যবাহী তাঁত শিল্প সংরক্ষণ ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন তিনি। এর আগে সন্ত কবীর অ্যাওয়ার্ড এবং রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন।
খুব ছোটবেলা থেকেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত জ্যোতিষ দেবনাথ। মাত্র সাত বছর বয়সে বাবার হাত ধরেই তাঁত বোনার হাতে খড়ি। তারপর থেকে আজও নিরলসভাবে বুনে চলেছেন শাড়ির নকশা।

দেবনাথ পরিবারে ছ’পুরুষ ধরে চলছে মসলিন শাড়ি বোনার কাজ। অভাবের মধ্যেও নতুন ও অভিনব নকশার কাপড় তৈরির জেদই তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। মূলত মসলিন ও জামদানি শাড়ি তৈরির জন্যই বিশেষভাবে পরিচিত তিনি। শুধু নিজে প্রতিষ্ঠিত হওয়াই নয়, স্থানীয় গ্রামীণ মহিলাদেরও প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভরতার পথ দেখিয়েছেন। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে নিয়মিত প্রশিক্ষণও দিয়ে চলেছেন। কালনার মাটিতে জন্ম নেওয়া এই সাধারণ তাঁত শিল্পীর হাতের কাজ আজ পৌঁছে গিয়েছে জাতীয় স্বীকৃতির শিখরে। মসলিন ও জামদানির সূক্ষ্ম বুননে বছরের পর বছর ধরে তিনি তুলে ধরেছেন বাংলার ঐতিহ্যের গল্প। পদ্মশ্রী সম্মান যেন সেই দীর্ঘ সাধনারই প্রাপ্য স্বীকৃতি। জ্যোতিষ দেবনাথের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এ গর্ব কালনার, এ গর্ব বাংলার তাঁত শিল্পের। ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে নতুন প্রজন্মকে পথ দেখানোর এই লড়াই আগামী দিনেও অনুপ্রেরণা জোগাবে।