ডিএম-দের সাবধান করে হোটেল রেইড
গত সোমবার কলকাতায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল (Election Commission) বেঞ্চের বৈঠকের রেশ এখনও কাটেনি। সেই বৈঠকের ‘তেজ’ ও কমিশনের কড়া মনোভাবের পাল্টায় এ বার জেলাশাসকদের পাশে দাঁড়িয়ে তাঁদের একপ্রকার বরাভয় দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
বৃহস্পতিবারের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee Virtual Meeting)। সূত্রের খবর সেখানেই ডিএম-দের উদ্দেশে মমতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "একদম ভয় পাবেন না। আপনারা আপনাদের কাজ করে যান।" গত সোমবার ডিএম-দের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সক্রিয়তাকে কটাক্ষ করে তিনি বলেন, "ওই মিটিংয়ে কী হয়েছে সবটাই আমি শুনেছি। প্রতিনিয়ত ভয় দেখিয়েছে। ভোট আসছে, এখন বেশি করে ওরা এসব করবে। আপনারা দায়িত্ব পালন করুন, কেউ কিছু করতে পারবে না।"
‘বহিরাগত’ রোখায় কড়া নজর
এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক করেন বহিরাগত নিয়ে। তাঁর অভিযোগ, ভোটকে সামনে রেখে এখন থেকেই রাজ্যে ‘বহিরাগত’ ঢোকানো হচ্ছে। জেলাশাসকদের কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন, "আমার কাছে খবর আছে, এখন থেকেই বহিরাগতরা বাংলায় ঢুকছে। তাদের ঢোকানো হচ্ছে। যেভাবেই হোক এই বিষয়টা সম্পর্কে সতর্ক হোন ও বন্ধ করুন। বাইরের লোক ঢুকতে দেবেন না। হোটেলে রেইড করুন। নাকা চেকিং, সমস্ত কিছু শুরু করে দিন।"
বদলি বনাম পদোন্নতি
ভোটের আগে পুলিশ ও প্রশাসনিক স্তরে রদবদল কমিশনের চেনা ছবি। এ দিন সেই প্রসঙ্গ তুলেও আধিকারিকদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে আইসি বা ওসি— যাঁদেরই কমিশন সরিয়ে দেবে, তাঁদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেন তিনি। মমতার কথায়, "ডিএম, এসপি, আইসি, ওসি সব বদল করবে এখন। এর জন্য কেউ যেন ভেঙে না পড়েন। ওরা যাদের সরাবে, আমি তাদের প্রোমোশন দেব।"
ইভিএম নিয়ে সতর্কবার্তা
প্রশাসনিক নির্দেশের পাশাপাশি রাজনৈতিক সতর্কবার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। ২০২১ সালের নন্দীগ্রামের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ইভিএম কারসাজি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। আধিকারিকদের ইভিএম-এর দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে তিনি জানান, কোনওভাবেই যেন ভোটযন্ত্রে কোনও কারচুপি না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।