প্রতারণার নতুন ফাঁদ শহরে
'নমস্কার, আমি এইচপি গ্যাস থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে সাবসিডি ঢোকে? কোন অ্যাকাউন্টে ঢোকে!'
খুব সম্প্রতি এমন ফোন আপনি পেয়েছেন বা আপনার বাড়ির পাশের কেউ? ৯ দিয়ে শুরু হওয়া খুব সাধারণ নম্বর দেখে ফোন তুলে কথা বলেছেন। যদি এমন কোনও ফোনের কথা মনে পড়ে তাহলে আগে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন। কারণ আপনার অজান্তেই হয়তো প্রচুর টাকা কেটে গেছে। যার মেসেজ বা টাকা কাটার আগের ওটিপি আপনার অ্যাকাউন্টে আসেনি। অ্যাকাউন্টে কত টাকা ছিল তার হিসাব না থাকলে এখনই মিনি স্টেটমেন্ট নিন বা বই আপডেট করে চেক করুন।
রবিবার সকালে টালিগঞ্জ এলাকার এক ব্যক্তির কাছে এমন একটি ফোন আসে। এইচপি গ্যাস থেকে ফোন এসেছে, তাই তিনি স্বাভাবিক ছন্দেই কথা বলেন। তাঁকে জিজ্ঞাসা করা হয় উপরের ওই প্রশ্নগুলি। তিনি কনজিউমার নম্বরটি শুধু বলেন। তারপর জিজ্ঞাসা করা হয়, লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিপে বা ইন্টারনেট ব্যাঙ্কিং আছে কি না। উত্তর যেমনই হোক, ফোনে কথা বলতে বলতেই ৩০০০ টাকা গায়েব। ফোন কেটে মুহূর্তে, যোগাযোগ করা যায় না আর।
এই ফোন টালিগঞ্জ-বেহালা-উত্তর কলকাতার একাধিক ব্যক্তির কাছে এসেছে। অনেকেই ভেবেছেন সাবসিটি ঢুকছে না তাই অ্যাকাউন্ট নম্বর বলেছেন। সাধারণত কোনও লিঙ্কে ক্লিক না করলে বা ওটিপি না বললে এমনকি ফোনে কোনও অ্যাপ বা কিছু ডাউনলোড না করলে টাকা কাটে না বলেই জানেন সকলে। বিশেষ করে বয়স্ক মানুষরা। কিন্তু এভাবেও যে টাকা কেটে নিতে পারে, তা কার্যত ধারণার বাইরে!
রবিবার সকালে টালিগঞ্জের ওই ব্যক্তি বা বেহালার মহিলা যেভাবে ফেঁসেছেন, টাকা কাটা গেছে অ্যাকাউন্ট থেকে, তা ভেবে তাঁরা তাজ্জব হচ্ছেন। এই ধরনের প্রতারণার কথা সেভাবে আগে শোনা যায়নি বলে জানাচ্ছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞরা।
আর শুধু এইচপি গ্যাস নয়, এমন আরও অনেক সংস্থার নামে ফোন আসছে খুব স্বাভাবিক নম্বর থেকে। যেন আমার আপনার পরিচিত কেউই ফোন করেছেন বা গ্যাস অফিস থেকে। ট্রু কলার বা এই ধরনের কোনও অ্যাপে গিয়ে সার্চ করলে মিলছে না তথ্য। দেখাচ্ছে না ফ্রড বা স্প্যাম হিসেবেও।
তাই এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বিরত থাকুন। সাবধন হোন। ফোন এলে কোনওরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেবেন না। সাবধান থাকুন, সচেতন হোন।