শিল্পীর কল্পনায় সরস্বতী
কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুল পট্টি মানেই শিল্পের ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের মাঝেই আলাদা করে নজর কাড়ে সুবীর পালের তৈরি ' আর্টের ঠাকুর '। প্রায় সাতের দশক থেকে তিনি বানাচ্ছেন এই আলাদা ঘরানার ঠাকুর। সাধারণ সরস্বতী প্রতিমার পরিচিত অবয়ব হাতে বীণা, পাশে হাঁস থাকলেও, তাঁর মূর্তিতে সাজসজ্জায় রয়েছে এক অভিনবত্ব। মাটির শাড়ি,মাটির গয়না শুধু মাটিই না ভাবনাতেও আছে শিল্পের ছোঁয়া। প্রতি বছর নতুন ভাবনা, নতুন কল্পনা। কখনও মা সরস্বতী আশীর্বাদ দিচ্ছেন মান্না দেকে। কখনও লতা মঙ্গেশকরের সঙ্গে হাঁটছেন। আবার কখনও জঙ্গলে প্রাণীদের মধ্যে বসে আছেন বিদ্যার দেবী। শিল্পী সুবীর পাল বলেন , গতানুগতিক ঠাকুর বানানোর থেকে আলাদা কিছু ভাবতে ভালো লাগে। নতুন কিছু কল্পনা করে ঠাকুর বানানোতেই আমার আনন্দ।

ঘূর্ণির পুতুল পট্টিতে এই আর্টের ঠাকুরের বেশ চাহিদা রয়েছে। নতুন শিল্পীরাও যুক্ত হচ্ছেন এই শিল্পচর্চায়। তবুও প্রতিবারই আলাদা করে নজর কাড়ে সুবীর পালের সৃষ্টি। এবছরও নিজের স্টুডিওতে একাধিক আর্টের ঠাকুর তৈরি করেছেন তিনি। পরিচিত রীতির বাইরে গিয়ে কল্পনাকে রূপ দেওয়াই একজন শিল্পীর পরিচয়। আর সেই পরিচয় বারবার নতুন করে প্রতিষ্ঠা করেছেন শিল্পী সুবীর পাল। ঘূর্ণির পুতুল পট্টিতে তাঁর তৈরি সরস্বতী যেন শুধু প্রতিমা নয়, এক একটি জীবন্ত শিল্পকথা।