কার ভোগে সংস্কার ?
নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে ফের বেহাল রাস্তা। কয়েক মাস আগেই সামান্য পিচ ফেলে মেরামত করা হয়েছিল,
ফকিরতলা মোড় থেকে কলাতলা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। তবে সেই মেরামত বেশি দিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই আবার ফাটল, গর্ত আর উঁচু নিচু অংশে ভরে যায় পুরো রাস্তা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের ভরসা এই রাস্তা। এই পথ দিয়ে চলাচল করে কৃষ্ণনগর- নবদ্বীপ ঘাট রুটের বাস , স্টেশনমুখী অটো ও টোটো। এছাড়াও বিডিও অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পঞ্চায়েত কার্যালয় ,বাজার ও স্কুল সবকিছুর একমাত্র সংযোগ এই পথ।

তাই দীর্ঘদিন ধরেই এই রাস্তার স্থায়ী মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার সাময়িক সংস্কার হয় কিন্তু স্থায়ী সমাধান নেই। এক মাসও টেকে না রাস্তা ,দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। অটো ও টোটো চালকরা বলেন, রাস্তা এতটাই খারাপ যে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। নিত্যযাত্রীদেরও সমস্যা হচ্ছে। অন্যদিকে নিত্যযাত্রীরাও বলেন, প্রতিদিন এই ঝাঁকুনির মধ্যে যাতায়াত করতে খুব অসুবিধা হয়,রাস্তার দ্রুত স্থায়ী সংস্কার দরকার। সংস্কার যদি হয়েই থাকে, তবে কয়েক মাসের মধ্যে রাস্তা ভাঙলো কিভাবে? কাজের গুনমান নিয়ে কি তদন্ত হবে? দায়িত্বপ্রাপ্ত দপ্তর কি জবাব দেবে? নবদ্বীপের স্বরূপগঞ্জের রাস্তা সংস্কার নিয়ে উঠছে বড় প্রশ্ন। প্রশাসনের পদক্ষেপ কি সেদিকেই এখন নজর এলাকাবাসীর।