গোলাপ চাহিদা তুঙ্গে
ভ্যালেন্টাইন্স ডে আর বিয়ের মরশুম এই সময়ে গোলাপের চাহিদা আকাশছোঁয়া। ফুলের বাজারে তাই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে গোলাপ। কৃষ্ণনগরের রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের সুবর্ণবিহার চামটা এলাকা। এখানকার বিস্তীর্ণ জমিতে খাদ্যশস্যের পাশাপাশি ফুল চাষ করছেন স্থানীয় কৃষকরা। রজনীগন্ধা, গাঁদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গোলাপ চাষ। তবে চাহিদা বাড়লেও গোলাপ চাষ মোটেই সহজ নয়। এই চাষে প্রয়োজন পর্যাপ্ত জমি,সেচ ব্যবস্থা,সার আর প্রচুর পরিমাণে ওষুধ। প্রতিদিনই শ্রম বিনিয়োগের পাশাপাশি, যথাযথ পরিচর্যা না হলে নষ্ট হয়ে যেতে পারে গোলাপ গাছ।

স্থানীয় গোলাপচাষিরা বলেন, গোলাপ চাষ খুবই দামী চাষ। যে সে করতে পারে না। ওষুধ, সার সবকিছুর জন্য অনেক খরচ হয়। তবে বিয়ের মরশুম আর ভ্যালেন্টাইনস ডে তে গোলাপের চাহিদা খুব বাড়ে । তবে বছরের কিছু সময় চাহিদা খানিক কমেও যায়। এই অঞ্চল থেকে তোলা গোলাপ ফুল শুধু স্থানীয় বাজারেই নয়, কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের মতো শহরে পাঠানো হয়।

গোলাপ চাষে লাভ আছে ,তবে খরচ ও পরিশ্রমও কম নয়। তবুও ভালোবাসার মরশুমে গোলাপের রঙে রাঙা মাঠ আর চাষিদের মুখে হাসিই বলছে, এই সময়টাই তাঁদের সোনালি সময়।