রামনবমী - জমজমাট বাজার
উৎসবের আগমনী বার্তা নিয়ে শহর জুড়ে শুরু হয়েছে রামনবমীর প্রস্তুতি। ২৭ মার্চকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে শিলিগুড়ির একাধিক বাজার। বিশেষ করে মহাবীরস্থান এলাকায় রঙিন পতাকা, টুপি, গেঞ্জি সহ নানা সামগ্রীতে সাজানো দোকানপাট টানছে ক্রেতাদের নজর। ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর বাজার অনেকটাই চাঙ্গা। শহরের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও বাড়ছে ক্রেতার ভিড়। সকাল থেকেই কেনাকাটার চাপ, আর বিকেলের দিকে তা আরও বাড়ছে—উৎসবের আমেজ পৌঁছচ্ছে তুঙ্গে পাহাড়ি এলাকাগুলি থেকেও আসছে বড় অর্ডার।

দার্জিলিং, কালিম্পং, সিকিম এমনকি অসম থেকেও ক্রেতাদের চাহিদা দেখা যাচ্ছে।ব্যবসায়ীদের মতে, এ বছর রামনবমীর উদযাপন হতে চলেছে আরও বড় পরিসরে। ছোট থেকে বড়—সব ধরনের বাজেটের ক্রেতাদের জন্য বাজারে রয়েছে নানা দামের ও ডিজাইনের সামগ্রী।ক্রেতাদের সাড়া ভালো, ফলে বিক্রিও বাড়ছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে, রামনবমীকে কেন্দ্র করে শিলিগুড়ির বাজার এখন উৎসবের রঙে ভরপুর।ধর্মীয় আবেগের পাশাপাশি, ব্যবসার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।