আশা দেখাচ্ছে ব্লু-বেরি
কয়েক বছর আগেও ব্লুবেরি শুধুই বিদেশি সুপারফুড হিসেবে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সেই ব্লুবেরি এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গের মাটিতে। শিলিগুড়ি ও বাগডোগরা এলাকার কিছু দোকানে ইতিমধ্যেই মিলছে এই ফল। বাজারে ১০০ গ্রাম ব্লুবেরির দাম ২৫০ টাকার কাছাকাছি। ফলে কৃষকদের কাছে এটি আয়ের নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। কৃষকদের এই উদ্যোগের নেপথ্যে রয়েছে University of North Bengal-এর Centre of Floriculture and Agri-business Management।

দেশীয় কৃষি ব্যবস্থায় এই বিদেশি ফলের চাষকে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। আগ্রহী কৃষকদের হাতে-কলমে চারা রোপণ - পরিচর্যা থেকে শুরু করে বাজারজাতকরণ—সব বিষয়েই দেওয়া হচ্ছে সঠিক দিশা। বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের আবহাওয়া ও মাটির গঠন ব্লুবেরি চাষের জন্য উপযোগী। আধুনিক পদ্ধতিতে চাষ করলে অল্প জমিতেও ভালো ফলন ও আয় সম্ভব। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে ব্লুবেরির চাহিদাও দ্রুত বাড়ছে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল - হৃদরোগের ঝুঁকি কমাতে, স্মৃতিশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক—এমনই মত বিশেষজ্ঞদের। তাই ভবিষ্যতে, এই ফলের বাজার আরও বড় হবে বলেই আশা করা হচ্ছে। বিদেশি ফল হলেও সঠিক প্রযুক্তি, উপযুক্ত মাটি এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ মিললে ব্লুবেরি চাষ উত্তরবঙ্গের কৃষকদের জন্য লাভজনক ও বিকল্প আয়ের উৎস হয়ে উঠতে পারে। উচ্চমূল্যের এই সুপারফুডকে ঘিরে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ। বিশেষজ্ঞদের আশা, পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে আগামী দিনে উত্তরবঙ্গই ব্লুবেরি চাষের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তখন আমদানির বদলে স্থানীয় চাষিদের হাত ধরেই বাজারে পৌঁছবে এই বিলাসবহুল ফল।