দুয়ারে রেশন, ঘরে ক্ষোভ!
চাল-গম-কেরোসিনের বদলে মিলছে শুধু কাগজের রশিদ! অভিযোগ, মাসের পর মাস রেশন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। কেউ এক মাস, কেউ দু’মাসের রশিদ হাতে পেলেও সামগ্রী পাচ্ছেন না সঠিক পরিমাণে। প্রশ্ন উঠছে—সরকারি রেশন কোথায় যাচ্ছে? স্থানীয়দের দাবি, ডিলারশিপ রথীন মজুমদারের নামে হলেও দীর্ঘদিন দোকান চালাতেন বাপ্পা গুহ। তাঁর মৃত্যুর পর বর্তমানে দায়িত্বে রাকেশ বিশ্বাস। আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন—দোকানে সামগ্রী কম কেন? সরবরাহে ঘাটতি, না অন্য কোনও গরমিল? রেশন ডিলারের দাবি, পর্যাপ্ত সামগ্রী নেই বলেই দেওয়া যাচ্ছে না রেশন।

এমনকি তাঁর বিস্ফোরক মন্তব্য—অনেক উপভোক্তা নাকি রশিদ নিয়েই নগদ টাকা নিচ্ছেন! তবে উপভোক্তাদের সাফ কথা—রশিদের বদলে চাল চাই, অজুহাত নয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। ভোটের মুখে রেশন ইস্যু কি বড় প্রশ্ন হয়ে উঠবে? রেশন নিয়ে গরমিল, রশিদে ঠকছেন মানুষ—ভোটের আগে কি বাড়বে অস্বস্তি? নজরে প্রশাসন।