প্রাইমারিতে লাইব্রেরি !
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চার নম্বর খানামোহান গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমনি প্রাথমিক বিদ্যালয়। আগে থেকেই এই স্কুলে চালু রয়েছে স্মার্ট ক্লাসসহ একাধিক আধুনিক ব্যবস্থা। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন লাইব্রেরি। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, ছোটবেলা থেকেই পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে এখানে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণও। স্কুলে লাইব্রেরি গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়েছে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড। তাদের উদ্যোগে স্কুলে দেওয়া হয়েছে প্রায় ৩০টি চেয়ার-টেবিল, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের বই। লাইব্রেরিতে রয়েছে বাংলা ও ইংরেজি—দুই ভাষার বইই। রয়েছে গল্প, প্রবন্ধ, নাটক, গান, আবৃত্তি এবং পড়াশোনায় সহায়ক নানা বই।

ছোটদের উপযোগী করে সাজানো হয়েছে পুরো লাইব্রেরি ঘর। লাইব্রেরি পেয়ে দারুণ খুশি খুদে পড়ুয়ারা। প্রাথমিক স্তর থেকেই যদি পড়ুয়ারা লাইব্রেরির গুরুত্ব বোঝে, তাহলে ভবিষ্যতে বড় শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তাদের অনেক সুবিধা হবে। সেই লক্ষ্য নিয়েই লাইব্রেরি চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।নতুন লাইব্রেরি মানে নতুন করে স্বপ্ন দেখার জানলা। পড়াশোনার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।