ভাল করে বুঝিয়ে দিল সিইও দফতর
রাজ্য সরকারের দেওয়া নতুন গ্রুপ-বি অফিসাররা (Group B Officers) মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। জয়েনিংয়ের পরপরই তাঁদের জন্য দু’দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সূত্রের খবর, নির্বাচনী সংক্রান্ত কাজকর্মে যাতে কোনও ঘাটতি না থাকে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ECI)।
রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, মোট ৮,৫০৫ জন গ্রুপ-বি অফিসারের নামের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিতে। এই অফিসারেরা ধাপে ধাপে তাঁদের নিজস্ব লগ-ইন আইডি ও ডিজিটাল অ্যাক্সেস পাবেন। নির্বাচন কমিশনের দাবি, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই ওই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
প্রথম ধাপে, চূড়ান্ত তালিকা প্রকাশের পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলার ডিইও-র কাছে আবেদন জানানো যাবে। ডিইও যদি সেই আবেদন নিষ্পত্তি করতে না পারেন, তাহলে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সরাসরি সিইও দফতরের কাছে আবেদন করার সুযোগ থাকবে।
ভোটার তালিকা সংশোধন ও অন্তর্ভুক্তির কাজ ইতিমধ্যেই বড়সড় সংখ্যায় এগিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট ১ কোটি ৩৯ লক্ষ আবেদন বা মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় নথি আপলোড হয়েছে প্রায় ১ কোটি ৬ লক্ষ ক্ষেত্রে। তবে এখনও একটি বড় অংশের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পর ইআরও-দের নথি যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। কমিশন প্রয়োজনে ইআরও ও এইআরও-দের পরিবর্তন করতে পারবে বা যোগ্য অফিসার ব্যবহার করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই, মাইক্রো অবজার্ভার ও অন্যান্য অফিসার কেবল সহায়তা করবেন। কোনও ভাবেই নাম বাদ দিতে পারবেন না তাঁরা।