আদুরে হাতির ছানা মোমোর জন্মদিন
আদুরে ডাকনাম মোমো। ভালো নাম প্রিয়াংশী। সেই ছোট্ট মেয়েটির জন্মদিনের অনুষ্ঠান দেখে মাতোয়ারা নেটগ্রহের কচি থেকে বুড়ো সকলেই। অসমের এক শান্ত কোণে, যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক এখনও অনেকটা আপন, সেখানেই কয়েকদিন আগে একটি ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর ঘটনা মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের। বিপিন কাশ্যপ (Bipin Kashyap) তাঁর পোষ্য হাতির ছানা প্রিয়াংশী, আদর করে যাকে সবাই ডাকে ‘মোমো’ নামে। তার জন্মদিন এমনভাবে উদযাপন করলেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট মোমোর সামনে রাখা হয়েছে নীল রঙের একটি জন্মদিনের কেক। তবে সেটা মানুষের কেক নয়, হাতির জন্য বানানো, ফল আর শস্য দিয়ে তৈরি স্বাস্থ্যকর কেক। চারপাশে সাজানো কলা, আপেল, আঙুর, নানা সবজি আর দানাদার খাবার। আর সেই কেকের সামনে দাঁড়িয়ে, একেবারে শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে বিপিন গাইছেন— হ্যাপি বার্থডে টু ইউ…।
ভিডিওটিতে বিপিন কাশ্যপের চোখেমুখে যে আনন্দ, তা শুধু একজন মানুষের নয়, যেন এক অভিভাবকের। মোমোর দিকে তাকিয়ে তাঁর হাসি, আদর, আর কণ্ঠে জন্মদিনের গান। সব মিলিয়ে বোঝা যায়, এই সম্পর্কটা শুধু মানুষ আর প্রাণীর নয়, অনেক বেশি গভীর। একে বলা যায় অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক।
প্রিয়াংশী বা মোমো আসলে একটি পোষ্য হাতির ছানা। তবে ভিডিও দেখে সেটা বোঝার উপায় নেই— তাকে দেখে মনে হয় পরিবারেরই একজন ছোট সদস্য। মোমো কেকের সামনে দাঁড়িয়ে কখনও শুঁড় দিয়ে খাবার ছুঁয়ে দেখছে, কখনও আবার চারপাশে রাখা ফলের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। আর বিপিন? যেন সন্তানের প্রথম জন্মদিনে বাবা-মায়ের মতোই ব্যস্ত। কখন কীভাবে খাওয়াবে, কোথায় দাঁড় করাবে, সব কিছুর দিকেই নজর।
এই ছোট্ট জন্মদিনের আয়োজন খুব সাধারণ— কোনও বড় মঞ্চ নেই, নেই আলোর ঝলকানি। কিন্তু আছে এমন কিছু, যা আজকের দিনে খুব দুষ্প্রাপ্য, তা হল মানুষের বাইরেও প্রাণিজগতের জন্য আন্তরিকতা। আর সেই আন্তরিকতাই ছুঁয়ে গিয়েছে লাখো মানুষের মন।
ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেন, আমি সেই মানুষগুলোকে ভালোবাসি, যারা প্রাণীদের ভালোবাসেন। মোমোকে জন্মদিনের শুভেচ্ছা। আরেকজন মন্তব্য করেছেন, ইনস্টাগ্রামে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। কেউ আবার লিখেছেন, ভাই, প্রাণীদের এত ভালোবাসার জন্য তোমাকে কুর্নিশ জানাই। ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন। আর এক ব্যবহারকারী লিখেছেন, ছোট্ট প্রিয়াংশীকে অনেক ভালোবাসা। মা-সহ দু’জনেরই দীর্ঘায়ু কামনা করি।