বিমান জটে নিজের বিয়েতেই পৌঁছতে পারলেন না যুবক!
চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে বিপর্যস্ত দেশের সবথেকে বড় এয়ারলাইন্স, ইন্ডিগোর পরিষেবা। প্রতিদিন শয়ে শয়ে বিমান বাতিল হচ্ছে। ১২ থেকে ২৪ ঘণ্টাও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিনা খাবার, জল ও লাগেজ ছাড়াই বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে তাদের।
ঠিক কী কারণে ইন্ডিগোর পরিষেবা স্তব্ধ হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। নতুন যে কাজের সময়সীমার বিধি দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে, তা অনুসরণ করতে গিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। ইন্ডিগোর পরিষেবা থমকে যাওয়ায় সংস্থার পরিকল্পনার অভাব এবং রিসোর্স ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে। নোটিসে এও বলা হয়েছে যে ইন্ডিগো যাত্রীদের যথাযথ তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। ফ্লাইট ক্যানসেল বা দেরি হলে যে পরিষেবাগুলি দিতে হয়, তাও দেওয়া হয়নি।
এই চরম অবস্থার মধ্যেই ভাইরাল হয়েছে এক যুবকের ভিডিও (groom missed his own wedding in IndiGo crisis)। হাতে মোবাইল, তাতে তিনি দেখাচ্ছেন নিজের বিয়ের কার্ড (wedding card), একগাল ব্যঙ্গাত্মক হাসি - তার আড়ালে তীব্র অসহায়তা। বিয়ে হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। এদিকে তিনি বিমানবন্দরে আটকে। সহযাত্রীদের উদ্দেশে তিনি বলছেন, “আমি নিজের বিয়েতেই পৌঁছতে পারছি না। আর কী করব?” বিমানবন্দরে আটকে থাকা অন্য যাত্রীদের চাপ কমাতে এভাবেই নিজের পরিস্থিতির কথা সরলভাবে ভাগ করে নেন তিনি।
ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়ার ঝড় সোশ্যাল মিডিয়ায়। একজন মন্তব্য করেন, “পশ্চিমি কোনও দেশে হলে এয়ারলাইনকে লাখ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হতো। কিন্তু ভারতে যেমন-তেমন করেই হয়ে যায় সব। ইন্ডিগো কোনও শাস্তিই পাবে না।” আরেকজনের ক্ষোভ, “প্রতিদিনই ভারতীয় নাগরিকদের এ রকমভাবে অবহেলা করে এই লাভ-কেন্দ্রিক সংস্থাগুলো।”
তৃতীয় এক ব্যবহারকারীর শুভেচ্ছা, “ওঁর যেন বিয়েটা ঠিকমতো হয়ে যায়, সমস্যাগুলো দ্রুত মেটে, আর বিমানবন্দরে আটকে থাকা সবাই নিরাপদে বাড়ি পৌঁছন।”
এদিকে শনিবার অসামরিক বিমান চলাচল মন্ত্রক (MoCA) নির্দেশ দেয়, সব এয়ারলাইনকে কঠোরভাবে নির্ধারিত ভাড়ার সীমা মেনে চলতে হবে। সেই নির্দেশ জারি থাকা সত্ত্বেও অনেক যাত্রী টিকিটের আকাশছোঁয়া দাম দেখে হতবাক হয়েছেন।