প্রতিশ্রুতি মেনে সূর্যকুমারের সঙ্গে পায়ে পা মেলালেন গাভাসকর
ভারত টি–২০ বিশ্বকাপ জেতার পর মাঠে যা দেখা গেল, তা ক্রিকেটের পরিসরে বিরল দৃশ্য। ট্রফি হাতে দল যখন উদযাপনে ব্যস্ত, তখন হঠাৎই নাচতে শুরু করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি একা নন। খানিক বাদে তাঁর সঙ্গে যোগ দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)।
যারা জানে না, তারা অবাক। যারা জানে, তাদের চোখে এটা প্রতিশ্রুতিপালন! বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলের সামনে কথা দিয়েছিলেন গাভাসকর—যদি ট্রফি ধরে রাখতে পারো, তাহলে নেচে উদযাপন করব! আর সেই কথা মেনেই আমদাবাদে আনন্দে মেতে উঠলেন ‘লিটল মাস্টার’।
প্রমিস-রাখা নাচ
টি–২০ বিশ্বকাপ তখন শুরু হয়নি। তার আগে সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মজার ছলে জানিয়ে দেন, ভারত ট্রফি হাতে তুললেই তিনি সর্বসমক্ষে নাচবেন। বলেন, ‘তোমরা যখন ট্রফি তুলবে, তখন আমি নাচ শুরু করব। নাচটাই আমার কার্ডিও।’রসিকতার সুরে যোগ করেন, এই বয়সে আর কঠিন শরীরচর্চা করা সম্ভব নয়। তাই আনন্দের নাচকেই নিজের ‘কার্ডিও’ বলে মনে করেন।
স্বাভাবিকভাবে ভারত যখন গতরাতের ফাইনালে নিউজিল্যান্ড-কে (New Zealand) হারিয়ে তৃতীয় টি–২০ বিশ্বকাপ জিতে নিল, তখন আর নিজেকে আটকে রাখতে পারেননি সুনীল। কথা রেখে একচোট নেচে নেন! পুরস্কার বিতরণের ঠিক আগে সম্প্রচারকারীদের ক্যামেরায় ধরা পড়ে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে তালে তাল মিলিয়ে কয়েক মুহূর্ত নেচে ওঠার দৃশ্য। ময়দানে উপস্থিত দর্শকদের কাছে সেই মুহূর্ত হয়ে ওঠে দিনের অন্যতম চমক।
প্রশংসায় পঞ্চমুখ সানি
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দেন গাভাসকর। তাঁর মতে, নেতৃত্বের ধরনে সূর্যকুমারের মধ্যে রয়েছে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ছাপ। বলেন, ‘ও খুব শান্ত, ঠান্ডা মাথার নেতা। সব সময় হাসিখুশি থাকে। দলের মধ্যে ইতিবাচক ভাব তৈরি করতে পারে। অনেকটা রোহিত শর্মার মতো!’ ড্রেসিংরুমে সূর্যকুমারই যে টিমের মূল ভরসা, দলের ক্রিকেটাররা তাঁর দিকেই তাকিয়ে থাকে—এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত সানি।
ইতিহাসের সরণিতে সূর্য
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে নতুন নজির তৈরি হয়েছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এখন সেই বিরল তালিকায়, যেখানে আগে থেকেই রয়েছেন কপিল দেব (Kapil Dev), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো একঝাঁক তারকা। অর্থাৎ, ভারতের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়কদের গৌরবময় লিস্টে জায়গা করে নিলেন সূর্য।