নিউজিল্যান্ড ওডিআই সিরিজের দলে আর কারা
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ঘরোয়া ওয়ান-ডে সিরিজের (One Day Series) জন্য ভারতীয় দলে ফিরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে তাঁর এই প্রত্যাবর্তন পুরোপুরি নির্ভর করছে বিসিসিআই (BCCI) সেন্টার অব এক্সেলেন্সের ফিটনেস ছাড়পত্রের উপর। গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়স। সেই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর ফেরা হয়নি তাঁর।
এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল (Subhman Gill)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গলা ও ঘাড়ের স্প্যাজমের কারণে খেলতে না পারলেও, টি-টোয়েন্টিতে ইতিমধ্যেই মাঠে ফিরেছেন গিল। অন্যদিকে শ্রেয়সের মাঠে ফেরা এখনও চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষায়।
দলে ফিরেছেন পেসার মহম্মদ সিরাজও (Mohammad Siraj)। দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ না পেলেও, টেস্ট দলে নিয়মিত থাকা সিরাজ ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের হয়ে সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২–১ সিরিজজয়ী দল থেকে বাদ পড়েছেন তিলক বর্মা, ধ্রুব জুরেল ও ঋতুরাজ গায়কোয়াড়। যদিও গায়কোয়াড় রায়পুরে চার নম্বরে নেমে শতরান করে নজর কেড়েছিলেন। নতুন দলে ব্যাটিং বিভাগে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে কেএল রাহুল ও ঋষভ পন্থকে।
অলরাউন্ডার বিভাগে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি। স্পিন আক্রমণে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব, তাঁর সঙ্গে সহায়ক ভূমিকা নেবেন জাডেজা ও সুন্দর। পেস বিভাগে রয়েছেন সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা।
হার্দিক পান্ডিয়া এই সিরিজে নেই। বিশ্রামে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টই এই সিদ্ধান্তের কারণ। বিসিসিআই জানিয়েছে, এখনও পুরো ১০ ওভার বোলিংয়ের জন্য পুরোপুরি ফিট নন হার্দিক। তাঁর জায়গায় দলে থাকছেন নীতিশ কুমার রেড্ডি, যিনি ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের দায়িত্ব বাড়িয়েছেন।
ভাল পারফরম্যান্স সত্ত্বেও দলে জায়গা পাননি সরফরাজ খান, দেবদত্ত পাডিক্কাল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল ও মহম্মদ শামি (Mohammad Shami)। অক্ষরের বাদ পড়া টি-টোয়েন্টি দলে তাঁর ভূমিকা আরও স্পষ্ট করার ইঙ্গিত বলেই মনে করছেন ক্রিকেটমহলের একাংশ।